দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের করাচি উপকূলের কাছে পাঁচ আরোহী নিয়ে একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। বিমানটির সন্ধানে নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচিগামী বোয়িং ৭৩৭ কার্গো বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে বিমানটি দ্রুত উচ্চতা হারিয়ে নিচে নেমে আসছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিচে নামার কয়েক মিনিট আগে বিমানটির নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কথা জানানো হয়েছিল।
বিমানটি করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কেটু এয়ারওয়েজ পরিচালনা করছিল। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি বুধবার এক বিবৃতিতে জানায়, বিমানে পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করার পাশাপাশি পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উড়োজাহাজ পর্যবেক্ষণ ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা দেখা যায়। এরপর সেটি দ্রুত নিচে নেমে যায়।
নিখোঁজ বিমানটির সন্ধানে পাকিস্তানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত বিমানটির অবস্থান বা আরোহীদের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাকিস্তানে সর্বশেষ বড় বিমান দুর্ঘটনা ঘটেছিল ২০২০ সালে। তখন করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে ৯৯ আরোহীর মধ্যে ৯৭ জন নিহত হন।
সূত্র: বিবিসি
এমএস/